জাহিদ হাসান
নভেম্বর ৫, ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি: দিনাজপুর টিভি
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আন্তঃইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা।
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে খুলনার জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের সব উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করা এবং সমাজে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা। উদ্বোধনী দিনে বিভিন্ন ইউনিয়নে অংশগ্রহণকারী তরুণ খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।