নভেম্বর ৫, ২০২৬, ০৯:১১ পিএম
বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। প্রকাশিত এই তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জনসংখ্যায় ঢাকাকে পেছনে ফেলে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে দীর্ঘদিন এই তালিকার শীর্ষে থাকা জাপানের টোকিও নেমে গেছে তৃতীয় অবস্থানে। জাতিসংঘের তথ্যানুযায়ী, বর্তমানে ঢাকায় বসবাস করছেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ।
জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বের শহরগুলোকে একই মানদণ্ডে বিবেচনা করে এই হিসাব তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ২০২৫ সালের জনসংখ্যার পাশাপাশি ২০৫০ সালের সম্ভাব্য জনসংখ্যার পূর্বাভাসও তুলে ধরা হয়েছে।
নতুন প্রতিবেদনে শহরের জনসংখ্যা নির্ধারণের ক্ষেত্রে আগের তুলনায় ভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। শুধুমাত্র প্রশাসনিক সীমানার ভেতরের মানুষ নয়, বরং আশপাশের সংযুক্ত ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলের জনসংখ্যাও হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্যাটেলাইট চিত্র ও আদমশুমারির তথ্য ব্যবহার করে এই জরিপ চালানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৮২০ কোটি। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ মানুষ শহরে বসবাস করছেন। নগরায়নের বিস্তারের ফলে মেগাসিটির সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন