সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৩:৪২ পিএম
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত বাড়ছে উল্লেখ করে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ।
সংস্থাটি সতর্ক করেছে যে এই পরিস্থিতি বিশ্বজুড়ে জনসংখ্যার জন্য সবচেয়ে গভীর হুমকিগুলোর একটিতে পরিণত হয়েছে। পালাউয়ে অনুষ্ঠিত জাতিসংঘের প্যাসিফিক আইল্যান্ডস ফোরামে এই মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সামাজিক, অর্থনৈতিক ও আইনগত প্রভাব পর্যালোচনার পাশাপাশি সংকট মোকাবিলার কৌশলগুলো বিশদভাবে খতিয়ে দেখা হয়েছে। জাতিসংঘের উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক আলোচনার প্রাক্কালে তৈরি করা এই প্রতিবেদনে বৈশ্বিক সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের প্রধান নাভিদ হানিফ সতর্কবার্তা দিয়ে উল্লেখ করেন যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বৈশ্বিক সহনশীলতা, অর্থায়ন এবং উচ্চাকাঙ্ক্ষাকেও বহুগুণ দ্রুত বাড়াতে হবে। এই সংকট মোকাবিলায় সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ আরও বেগবান করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের অংশ হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের হুমকি নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সভায় বাংলাদেশের ঝুঁকি বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রদত্ত বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাত্র ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় চার শতাংশ ভূমি স্থায়ীভাবে পানিতে তলিয়ে যেতে পারে। তিনি উল্লেখ করেন, ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের এই উচ্চতা বৃদ্ধির কারণে দেশের উপকূলবর্তী অন্তত এক কোটি মানুষের ঘরবাড়ি, জীবিকা ও মানবিক মর্যাদা সরাসরি হুমকির মুখে পড়বে।
বাংলাদেশকে একটি সক্রিয় ও নদীবহুল বদ্বীপ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শত শত নদী এই ভূখণ্ডের ওপর দিয়ে সাগরে গিয়ে মিশেছে এবং দেশের উপকূলীয় সমৃদ্ধি ও ভবিষ্যৎ পানির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন