নভেম্বর ২৬, ২০২৬, ০৮:৩৭ এএম
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলের প্রস্তুতির সময় গুলিতে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর চার নেতা ও আত্মগোপনে থাকা এক যুবলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি, ফলে এখনো কোনো মামলা হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় গুলির ঘটনা ঘটে। ওই রাতেই সাঁড়া ইউনিয়ন ও পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামে বাড়িগুলোতে হামলা হয়। বুধবার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় সাঁড়া ইউনিয়নে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পদ্মা নদীর ওপার থেকে মাজদিয়া এলাকায় গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, বাবলু হোসেনের ছেলে রবিউল এবং নবীর ছেলে মহিদুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা হামলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গুলিবর্ষণের পর রাতের বেলায় সশস্ত্র লোকজন সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাড়িতে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত ১১টার দিকে একদল যুবক মোটরসাইকেলে মিছিল করে সাঁড়াগোপালপুর এলাকায় আত্মগোপনে থাকা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলনের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর করে এবং টেলিভিশন, ফ্রিজসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র লুটের পর আগুন ধরিয়ে দেয়।
ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. সাইদুল ইসলামের অভিযোগ, তার দলের চার নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, আটটি মোটরসাইকেল ও বাড়িঘরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরাই জড়িত বলে তিনি দাবি করেন।
এসব অভিযোগ অস্বীকার করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির একাংশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে শহরের রেলগেটে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, এসব ঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত নন। সেখানে পৌর বিএনপির একাংশের আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি, এ অভিযোগ মিথ্যা। উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে যুবদল ও ছাত্রদলের একাংশের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে এসব ঘটনার প্রতিবাদে শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পদ্মা নদীর বালুমহালের ওপর আধিপত্য বিস্তার ও রাজনৈতিক নানা বিষয়ে একাধিক পক্ষের বিরোধ রয়েছে। উপজেলার সাঁড়া, রূপপুর ও লক্ষ্মীকুণ্ডাসহ নদীতীরের অঞ্চলগুলোতে বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত কাকনবাহিনীর বিরোধ রয়েছে। আবার বালুর ব্যবসা নিয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদেরও বিরোধ চলছে। এসব বিরোধের জেরেই সোমবার পাঁচ ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হন এবং প্রতিক্রিয়ায় জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় বলে তাদের দাবি। এলাকাবাসীর ভাষ্য, এর আগে এসব এলাকায় বেশ কয়েকবার বন্দুকযুদ্ধ হয়েছে এবং গোলাগুলি ও হামলা-পাল্টা হামলায় অনেকে হতাহত হয়েছেন।

এসব বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান আসাদ বুধবার বলেন, গোলাগুলি ছাড়াও আধিপত্য বিস্তার নিয়ে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। জামায়াতে ইসলামীর চার নেতা ও যুবলীগ নেতার বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো পক্ষ এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি। তার ভাষ্য, আমরা অপেক্ষায় আছি, থানায় লিখিত অভিযোগ দিলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন