নভেম্বর ২৬, ২০২৬, ০৮:৩২ এএম
শেরপুরের নালিতাবাড়ীর কৃষক সেন্টু চন্দ্র হাজং ২১ বছরের চেষ্টায় দেশি জাতের ২৫ ধরনের নতুন ধান উদ্ভাবন করেছেন। তাঁর উদ্ভাবিত সেন্টু শাইল ও সেন্টু পাইজাম ধান জেলাজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের এই কৃষকের উদ্ভাবিত ধান নিয়ে এলাকার কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে।
সেন্টু চন্দ্র হাজংয়ের বয়স ৫৫ বছর। কৃষক পরিবারে বেড়ে ওঠা সেন্টু হাজং নব্বইয়ের দশকে মাধ্যমিক পাস করার পর অর্থের অভাবে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে পড়াশোনা থেমে গেলেও নতুন কিছু করার আগ্রহ থামেনি। ২০০৫ সালে স্থানীয় একটি বেসরকারি সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ নেন তিনি। এরপর ধানের জাত নিয়ে পরীক্ষামূলক কাজ শুরু করেন।
নতুন জাত তৈরি করে সেটি যাচাই করতে তাঁর সাত থেকে আট বছর সময় লেগেছে। নিজের ১২ কাঠা জমিতে বর্তমানে ৪০টি পরীক্ষামূলক প্লট তৈরি করেছেন তিনি। হারিয়ে যাওয়া বেশ কিছু দেশি ধানের জাত সংরক্ষণেও কাজ করছেন তিনি। দীর্ঘ সাত বছরের চেষ্টায় তাঁর প্রথম সফল উদ্ভাবন সেন্টু শাইল ধান। এরপর উদ্ভাবন করেন সেন্টু পাইজাম ধান।
চলতি আমন মৌসুমে শত শত কৃষক সেন্টু পাইজাম ও সেন্টু শাইল ধান আবাদ করেছেন। খরচ কম ও সহজলভ্য হওয়ায় এ ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।
এলাকার কৃষক হাবিল উদ্দিন বলেন, এক একর জমিতে সেন্টু পাইজাম জাতের ধান লাগিয়েছেন তিনি। ফলন ভালো হবে বলে আশা করছেন তিনি। তিনি বলেন, ভাত চিকন এবং খেতেও সুস্বাদু। তাই পাঁচ বছর ধরে প্রতি বছর এই ধানের চাষাবাদ করছেন তিনি।
সফল কৃষক সেন্টু হাজং বলেন, দেশি ধানের অনেক জাতই এখন হারিয়ে যেতে বসেছে। অথচ এসব ধানের আলাদা স্বাদ ও বৈশিষ্ট্য রয়েছে। এসব জাতের ধানে পোকার আক্রমণও তুলনামূলক কম। তাই দেশি ধানের জাতগুলো সংরক্ষণ করার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি নতুন জাত উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছেন তিনি।
তিনি বলেন, এখনো কোনো সরকারি সহযোগিতা বা স্বীকৃতি পাননি তিনি। এছাড়া কোনো পরীক্ষাগার কিংবা গবেষণাগারও নেই। যে কারণে প্যাকেট করে বীজধান বাজারে বিক্রি করতে পারেন না তিনি। ভাঙা ঘরে থেকেই এসব নতুন জাতের ধান উদ্ভাবন করে যাচ্ছেন তিনি।
নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, কৃষক সেন্টু হাজং দেশি জাতের ধান উদ্ভাবন করে একটি প্রশংসনীয় কাজ করেছেন। তিনি বলেন, উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে তাঁকে। তাঁর উদ্ভাবিত দেশি জাতের ধানের প্রত্যয়ন পাওয়ার জন্য তিনি জাতীয় বীজ প্রত্যয়ন বোর্ডে আবেদন করতে পারেন।
উদ্ভাবনের অপেক্ষায় রয়েছে আরও প্রায় শতাধিক জাতের ধান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন