বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
ভর্তির খবর

বুটেক্সে ভর্তি আবেদন ১ ডিসেম্বর, পরীক্ষা ২৯ জানুয়ারি

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৮:০১ এএম

বুটেক্সে ভর্তি আবেদন ১ ডিসেম্বর, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স ক্যাম্পাস। ছবি: উইকিমিডিয়া কমন্স

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি। এবার ১১টি বিভাগে মোট ৬৩০ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন এক মাস ১০ দিনের মতো। ভর্তি পরীক্ষা ২০০ নম্বরে অনুষ্ঠিত হবে।

ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো আবেদন শুরু ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে এবং আবেদন শেষ ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ ফেব্রুয়ারি।

২০২৬ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জিপিএ ৫-এর স্কেলে ৪.০০ থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৬ দশমিক ৫০ গ্রেড পয়েন্ট পেতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

আবেদনকারীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫-এর স্কেলে জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

গত বছরের তুলনায় এবার চার বিষয়ে সম্মিলিত গ্রেড পয়েন্টের শর্ত ১ কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতেও আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৪ নির্ধারিত ছিল। তবে ওই বছর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৭ দশমিক ৫০ গ্রেড পয়েন্ট চাওয়া হয়েছিল। প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ গ্রেড পয়েন্টের শর্তও বহাল ছিল। আবেদনে ন্যূনতম জিপিএ এবং প্রতিটি বিষয়ে পৃথক গ্রেড পয়েন্টে কোনো পরিবর্তন আনা হয়নি।

সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরাও ভর্তিতে আবেদন করতে পারবেন। এক এবং দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১১টি বিভাগে এবার ৬৩০ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে। টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে আসন রয়েছে। টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে আসন রয়েছে ৩০টি।

গণিত, পদার্থ এবং রসায়ন বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ওপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৪ হাজার যোগ্য প্রার্থীর তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং একই সঙ্গে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০ এবং ইংরেজি ২০ নম্বর। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে হবে।

আবেদন ফি ৩০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার ২০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

জিসিই ‍‍`ও‍‍` লেভেল এবং ‍‍`এ‍‍` লেভেল পাস করা প্রার্থীদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ‍‍`ও‍‍` লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদা আলাদাভাবে ‍‍`এ‍‍` গ্রেড পেতে হবে। ‍‍`এ‍‍` লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে আলাদা আলাদাভাবে ‍‍`এ‍‍` গ্রেড পেতে হবে। প্রার্থীকে ২০২৬ সালে ‍‍`এ‍‍` লেভেলের ফল পেতে হবে। সমমান সনদ পাওয়ার জন্য ১ হাজার ৫০০ টাকা অর্থ ও হিসাব দপ্তরে নগদ প্রদান করে ‍‍`ও‍‍` লেভেল এবং ‍‍`এ‍‍` লেভেল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপিসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ২২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।