বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
শিশুদের পোশাক ও উপকরণ

জানুয়ারি থেকে শিশুরা পাবে ড্রেস, জুতা, ব্যাগ

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৬:৩৯ এএম

জানুয়ারি থেকে শিশুরা পাবে ড্রেস, জুতা, ব্যাগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: উইকিমিডিয়া কমন্স

আগামী জানুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বিনামূল্যে নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ পাবে। নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন করলে শিশুদের মধ্যে সমতা গড়ে উঠবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, অতীতে শিশুদের স্কুলমুখী করার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও তা অনিয়ম ও দুর্নীতির কারণে ফলপ্রসূ হয়নি।

তিনি আরও বলেন, শিশুদের সুরক্ষায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির ওপর জোর দিতে হবে।

এই উদ্যোগ পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রাথমিক শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে ৪১ হাজার ৯০ কোটি টাকার এই কর্মসূচি পাঁচ বছর মেয়াদি। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত চলবে এটি।

কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ৯৬২ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলের পোশাক, ব্যাগ, জুতা ও মোজা দেওয়া হবে। এ খাতে কর্মসূচির মোট বরাদ্দের ২৫ দশমিক ২ শতাংশ ব্যয় করা হবে।

৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্মসূচিটি অনুমোদন পায়। কর্মসূচির মোট বরাদ্দের প্রায় ৫৭ শতাংশ ব্যয় হবে শিক্ষার্থীদের ইউনিফর্ম, ডিজিটাল শিক্ষা ও প্রয়োজনভিত্তিক শ্রেণিকক্ষ তৈরিতে।

এর আগে গত জুনে এই কর্মসূচির পাইলট ঘোষণা করা হয়। তখন জানানো হয়, জুলাই-আগস্টে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলট কর্মসূচি শুরু হবে। প্রথম ধাপে কমপক্ষে এক লাখ শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

পাইলট কর্মসূচিতে ২৫ হাজারের বেশি বিদ্যালয় যুক্ত থাকবে বলে জানানো হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই পাইলট প্রকল্পের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫ লাখ বিশেষায়িত পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ দিচ্ছে। ডিসেম্বরের মধ্যে পাইলট শেষ করে আগামী বছর থেকে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে এসব উপকরণ বিতরণের পরিকল্পনার কথা জানানো হয়।

কর্মসূচির আওতায় শিক্ষকদের জন্য ‍‍`এক শিক্ষক, এক ট্যাব‍‍` উদ্যোগে ৩ লাখ ৮৩ হাজার ৫১৩টি ট্যাব বিতরণ করা হবে। পাশাপাশি শ্রেণিকক্ষকে ডিজিটাল শিক্ষার উপযোগী করা, নতুন শ্রেণিকক্ষ নির্মাণ এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে মোট বরাদ্দের ২৬ দশমিক ৪ শতাংশ ব্যয় করা হবে। এ অর্থে ১৫ হাজার ৬৪১টি শ্রেণিকক্ষ, ১ হাজার ৫০০টি ওয়াশ ব্লক এবং ১০ হাজার সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের প্রাথমিক পড়া ও গণিতের দক্ষতা বাড়ানো এবং শিক্ষক-কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে আরও ৭ দশমিক ৬ শতাংশ। এ অর্থে ৩ লাখ ১০ হাজার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রস্তাবিত কর্মসূচির মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে ৩৩ হাজার ২০৩ কোটি ২০ লাখ টাকা। বাকি ৭ হাজার ৮৮৭ কোটি ৩০ লাখ টাকা আসবে বিদেশি ঋণ ও অনুদান থেকে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফসহ উন্নয়ন সহযোগীরা এ কর্মসূচিতে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।