বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
ভর্তি বিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছে ভর্তি আবেদন শুরু

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০২:১৭ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছে ভর্তি আবেদন শুরু

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: এআই জেনারেটেড

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছভুক্ত নয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। দুই ভর্তি কার্যক্রম মিলিয়ে এবার ১০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৭৯৫টি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন গ্রহণ শুরু হয়। একই দিন থেকে কৃষিগুচ্ছের আবেদনও শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি ও কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ও যোগ্যতার শর্ত জানানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে। এবার পাঁচটি ইউনিটে ভর্তি নেওয়া হবে। ইউনিটগুলো হলো বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিট, কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ই ইউনিট।

আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭ (কোনো পরীক্ষায় ৩ এর কম নয়), বি ও ডি ইউনিটে মোট ৬ (প্রতিটিতে ন্যূনতম ২ দশমিক ৭৫), সি ইউনিটে মোট ৬ দশমিক ৫০ (প্রতিটিতে ন্যূনতম ৩) এবং ই ইউনিটে মোট ৫ দশমিক ৫০ (প্রতিটিতে ন্যূনতম ২ দশমিক ৫০) থাকতে হবে।

এবার এ, বি, ডি ও ই ইউনিটে আবেদনের জিপিএর শর্ত কমানো হয়েছে। তবে সি ইউনিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হয়ে ২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নির্ধারিত জিপিএর শর্ত পূরণ না হলে তাঁদের আবেদন বাতিল হবে।

এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। ই ইউনিটের জন্য দিতে হবে ১ হাজার ৫০০ টাকা। আবেদনের নিয়ম ও ফি জমার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের নির্দেশিকায় পাওয়া যাবে। আগামী বছরের ১ জানুয়ারি এ ইউনিট, ৮ জানুয়ারি ই ইউনিট, ১৫ জানুয়ারি বি ইউনিট, ২২ জানুয়ারি সি ইউনিট এবং ২৩ জানুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।

কৃষিগুচ্ছভুক্ত নয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৬০০ টাকা। আবেদন করতে হবে কৃষিগুচ্ছের ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে। এবার আবেদনের ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিল করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকলেই আবেদন করা যাবে। আগে চতুর্থ বিষয় বাদ দিয়ে দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ দশমিক ৫০ থাকতে হতো।

২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে। ২০২৫ সালের এসএসসি মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়া ও লেভেল ও এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

কৃষিগুচ্ছের আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।

আগামী বছরের ২ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনি প্রশ্নের (এমসিকিউ) ১০০ নম্বরের পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মেধাতালিকা তৈরি করা হবে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে ২৫ নম্বর করে যোগ করা হবে। কৃষিগুচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য জেলার অ-উপজাতি প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কৃষিগুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে। আবেদনকারীদের কেন্দ্রের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম উল্লেখ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে পছন্দক্রম ও ফি জমার তারিখ-সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হতে পারে। এবার ভর্তি পরীক্ষার সমন্বয়ের দায়িত্বে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারি। এবার বুয়েটে মোট আসন ১ হাজার ৩০৯টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়িয়ে ২৮ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।