বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
পরীক্ষার ফলাফল

এইচএসসি পুনর্নিরীক্ষণের পরিসংখ্যানে বড় গরমিল

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ১২:১৩ এএম

এইচএসসি পুনর্নিরীক্ষণের পরিসংখ্যানে বড় গরমিল

নোটিশ বোর্ডে ফল দেখছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ফল পরিবর্তনের পরিসংখ্যানে বড় ধরনের গরমিল ধরা পড়েছে। প্রথমে সারা দেশে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তনের কথা জানানো হলেও সংশোধিত হিসাবে তা কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৪৫ জনে। দুই হিসাবের মধ্যে পার্থক্য ১০ হাজার ২০৪ জনের।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে। এরপর ফলাফলের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গ্রুপসহ শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে সন্ধ্যার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের গ্রুপ থেকে পরিসংখ্যানের সারসংক্ষেপ সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নতুন করে পরিসংখ্যান যাচাই শুরু করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রথম হিসাব ও সংশোধিত হিসাবের মধ্যে পার্থক্য স্পষ্ট। প্রথম প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ শিক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছিল। শতকরা হিসাবে এ হার ছিল ১১ দশমিক ৪৫ শতাংশ।

তবে সংশোধিত পরিসংখ্যানে একই সংখ্যক আবেদনকারীর মধ্যে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তনের তথ্য পাওয়া যাচ্ছে। এ হিসাবে ফল পরিবর্তনের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। অর্থাৎ প্রথম হিসাবের তুলনায় ফল পরিবর্তনের হার কমেছে ৩ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান প্রথম প্রকাশিত পরিসংখ্যানের তথ্য নিশ্চিত করেছিলেন। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট এবং আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে সবচেয়ে বড় অসংগতি পাওয়া গেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। প্রথম হিসাবে এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য দেওয়া হয়েছিল। সংশোধিত হিসাবে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৮ জনে। অর্থাৎ শুধু এ বোর্ডেই দুই হিসাবের মধ্যে পার্থক্য ৫ হাজার ৬৭১ জনের।

বরিশাল শিক্ষা বোর্ডেও বড় ধরনের গরমিল দেখা গেছে। প্রথমে এ বোর্ডে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তনের কথা জানানো হলেও সংশোধিত হিসাবে তা কমে হয়েছে ৫২০ জন। দুই হিসাবের পার্থক্য ২ হাজার ২৫২ জন।

একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডে প্রথমে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হয়েছিল। পরে সংশোধিত হিসাবে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৭ জনে। এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল পরিবর্তনের সংখ্যা ৩ হাজার ৬৫ থেকে কমে ২ হাজার ৮১৩, যশোরে ১ হাজার ৯০৯ থেকে ১ হাজার ৭৩৬, দিনাজপুরে ২ হাজার ২৪৮ থেকে ২ হাজার ৩৫ এবং সিলেটে ১ হাজার ৩৫৩ থেকে ১ হাজার ২৬৭ জনে দাঁড়িয়েছে।

রাজশাহী বোর্ডে প্রথমে ৭৭৯ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হলেও সংশোধিত হিসাবে তা হয়েছে ৭৭৫ জন। তবে ঢাকা, চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল পরিবর্তনের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে সংশোধিত পরিসংখ্যানে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। এরপর কুমিল্লায় ২ হাজার ৮১৩, ময়মনসিংহে ২ হাজার ৬৬৮, কারিগরিতে ২ হাজার ৩০৭, চট্টগ্রামে ২ হাজার ৪৩ এবং দিনাজপুরে ২ হাজার ৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

সংশোধিত হিসাবে ফেল থেকে পাশ করেছেন ৫ হাজার ৫৪৮ জন। সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী, পুনর্নিরীক্ষণে মোট ২৫ হাজার ৮১০টি গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাশ করেছেন ৫ হাজার ৫৪৮ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন। আর ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন ২০ জন।

সব মিলিয়ে প্রকাশিত সংশোধিত হিসাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮০৬ জন দেখানো হয়েছে।

আবেদন ও পটভূমির দিক থেকে দেখা যায়, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ, আর জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

মূল ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলে। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্যমতে, সারাদেশের ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি পত্রের জন্য আবেদন করেন।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়ন ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা শুধু নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নতুন করে যাচাই ও পর্যালোচনার সুযোগ পেয়েছেন।

তবে এসব পরিসংখ্যান এখনো চূড়ান্ত নয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পুনরায় হিসাব যাচাই করছে। যাচাই শেষে ফল পরিবর্তন, ফেল থেকে পাশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সঠিক পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে কিছু অসংগতি ধরা পড়েছে। এ জন্য সব বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।