নভেম্বর ২৫, ২০২৬, ০১:১৩ পিএম
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করার মাধ্যমে দিনের মূল কর্মসূচি শুরু হয়।
শোভাযাত্রায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
বেলা ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। ১৯৯১ সালের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছিলেন, এবং সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। এবারের আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করল।
দিবসটি উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সংযোগ এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে খুলনা বিশ্ববিদ্যালয় তরুণ প্রজন্মের স্বপ্ন ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
দিবসটি ঘিরে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন