নভেম্বর ২৫, ২০২৬, ১২:২৬ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন ভেঙে দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম গত ২৭ অক্টোবর যে প্রজ্ঞাপন জারি করেছিলেন, তার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত।
এ বিষয়ে রুল জারি করে আদালত জানতে চেয়েছেন, পুরোনো নির্বাচন কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করে ২৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন এবং গত ৪ নভেম্বর নতুন নির্বাচনী তফসিল ঘোষণার প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে এবং ৯ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসরণ করে নির্বাচনের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিবাদীদের প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল কবির এই রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আলী এবং বিবাদীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
আদালতের আদেশের নথি অনুযায়ী, গত ১৬ আগস্ট বিডিআরসিএসের ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক ২৩ আগস্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয় এবং সে অনুযায়ী ১৭ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ১০ সেপ্টেম্বর ম্যানেজিং বোর্ডের অনুমোদন ছাড়াই সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম এককভাবে ওই নির্বাচন বাতিল করেন। এর বিরুদ্ধে রিট হলে হাইকোর্ট ১৪ সেপ্টেম্বর নির্বাচন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং পরবর্তীতে চেম্বার আদালত ৮ অক্টোবর ও পরে ২৬ অক্টোবর বা তার আগে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। সময় বাড়ানোর আরেকটি আবেদন গত ২ নভেম্বর আপিল বিভাগ খারিজ করে দেন।
আদেশে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের উচিত ছিল সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নির্বাচনের আয়োজন করা, কিন্তু তা না করে ২৩ আগস্ট গঠিত কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করে ৪ নভেম্বর নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। আদালতের ভাষায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের এমন পদক্ষেপ দেশের সর্বোচ্চ আদালতের আদেশকে ব্যাহত করতে এক নোংরা চালাকি ছাড়া আর কিছুই নয়।
এদিকে রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার পৃথক আবেদনও দায়ের করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন