মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
বিচার বিভাগ সংস্কার

সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ থেকে চার বিচারপতিকে সরানোর দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৮:৩০ পিএম

সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ থেকে চার বিচারপতিকে সরানোর দাবি

সুপ্রিম কোর্টের চার বিচারপতির অপসারণ দাবিতে প্রধান বিচারপতিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়েছিল।

বিচার বিভাগের ভেতরে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের অবস্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিদেশে তৎপরতার অভিযোগ তুলে এই দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিচারপতি মো. আশরাফুল কামালের অবমাননাকর মন্তব্যের অভিযোগও সামনে এনেছেন নেতারা।

সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বলেন, বিচার বিভাগে এখনো ষড়যন্ত্র চলছে। তাঁদের কাছে তথ্য রয়েছে যে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনে কয়েকজন বিচারপতি বিকেল চারটার পর গোপনে বৈঠক করছেন।

পর্যায়ক্রমে সংশ্লিষ্ট বিচারপতিদের নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি।

সজল বলেন, এসব তৎপরতা বন্ধ না হলে সংশ্লিষ্ট বিচারপতিদের বেঞ্চ থেকে নামানোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্র বন্ধ না করলে তাঁরা বেঞ্চ থেকে নামিয়ে দেবেন।

বিচারপতি মো. আশরাফুল কামালের প্রসঙ্গ টেনে গাজী কামরুল ইসলাম সজল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর অভিযোগ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ওই বিচারপতি ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন।

এমন অভিযোগের পরও তিনি কীভাবে বিচারকের দায়িত্ব পালন করছেন এবং সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন, সে প্রশ্ন তোলেন এই আইনজীবী নেতা।

প্রধান বিচারপতির উদ্দেশে সজল বলেন, ২৪ ঘণ্টার মধ্যে চার বিচারপতিকে অব্যাহতি দিতে হবে। তা না হলে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি শেখ হাসান আরিফকে চেম্বার থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বিচারপতিদের পরিবারের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও তোলেন আইনজীবী ফোরামের নেতারা। তাঁদের দাবি, কয়েকজন বিচারপতির সন্তান বিদেশে থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে প্রচার ও সমাবেশে অংশ নিচ্ছেন।

লন্ডনে শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন তৎপরতার বিষয়টিও তুলে ধরেন বক্তারা। এ প্রসঙ্গে সম্প্রতি বিচারপতি জে বি এম হাসানের ছেলে হাসানের বিরুদ্ধে লন্ডনে শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার অভিযোগের কথাও আলোচনায় আসে।

বিচারপতি কে এম কামরুল কাদেরের বিষয়ে সজল বলেন, সরকারি চাকরিতে কোটা-সংক্রান্ত একটি রায় তিনি বিচারপতি খিজির হায়াতের সঙ্গে দিয়েছিলেন। পরবর্তী সময়ে খিজির হায়াতকে বাদ দেওয়া হলেও কে এম কামরুল কাদেরকে বহাল রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

একই ধরনের অভিযোগে ভিন্ন অবস্থান নেওয়ার বিষয়টিকে বৈষম্য হিসেবে উল্লেখ করেন গাজী কামরুল ইসলাম সজল।

সমাবেশে নাম প্রকাশ না করে আরও এক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, তাঁর ছেলে বিদেশে শেখ হাসিনার পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এ কারণে সংশ্লিষ্ট বিচারপতিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।

এর আগে সমাবেশের শুরুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সুপ্রিম কোর্টের মাজার গেট হয়ে বাংলাদেশ বার কাউন্সিল-সংলগ্ন গেট ঘুরে আবার আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিল ও সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খানসহ কয়েকশ আইনজীবী অংশ নেন।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সমাবেশেও কয়েকজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গোপন বৈঠকের অভিযোগ তোলা হয়েছিল। তখনো সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন বিচারপতি বিকেল চারটার পর বিজয় একাত্তর ভবনের এক কক্ষে বৈঠক করেন।