নভেম্বর ২৪, ২০২৬, ০৯:৩১ পিএম
নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। রিপিট ক্যাডার জটিলতা নিরসন এবং ক্যাডার পদ শূন্য থাকা ঠেকাতে ফল প্রকাশে সময় নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, ৫০তম বিসিএসের ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তবে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ ও প্রার্থীদের যোগদানের হিসাব সমন্বয় না করে ফল প্রকাশ করলে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ খালি থাকার ঝুঁকি রয়েছে।
সে কারণে ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে কমিশন। গেজেট প্রকাশের পর প্রয়োজনীয় হিসাব সমন্বয় করে দ্রুততম সময়ে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৫০তম বিসিএসের ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ফল তৈরির আনুষঙ্গিক কার্যক্রম চলছে এবং সিদ্ধান্ত হলে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এক বছরে এক বিসিএস শেষ করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। দুই হাজার ১৫০টি পদের বিপরীতে দুই লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেন।
প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ হলেও চূড়ান্ত ফল প্রকাশে বিলম্বের কারণে কমিশনের এক বছরে একটি বিসিএস শেষ করার লক্ষ্য এবার পূরণ হচ্ছে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন