মার্চ ১৬, ২০২৬, ১২:০০ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও অত্যন্ত কঠোর নির্দেশনা জারি করেছে। গত রোববার ১৫ মার্চ কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আগামী ৯ এপ্রিল থেকে এই লিখিত পরীক্ষা শুরু হবে এবং চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
পরবর্তী ধাপে কারিগরি ও পেশাগত পদের জন্য লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল যা শেষ হবে ৭ মে। রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কমিশন সূত্রে জানা গেছে এবারের লিখিত পরীক্ষায় মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র যেমন মোবাইল ফোন বা ডিজিটাল ও এনালগ ঘড়ি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ক্যালকুলেটর, ব্যাগ, বই-পুস্তক, চাবি, মানিব্যাগ এমনকি অলঙ্কার বা ব্রেসলেট নিয়েও কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পিএসসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে থাকলে পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।পরীক্ষা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিশেষ টিম তদারকি করবে। প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে প্রবেশ করানো হবে। এছাড়া শ্রবণে সমস্যা ছাড়া অন্য কোনো কারণে কান ঢেকে রাখা যাবে না।
কোনো বিশেষ চিকিৎসাজনিত কারণে হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে আগেভাগেই বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্রসহ কমিশনের অনুমতি নিতে হবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং সব ধরনের জালিয়াতি রোধ করতেই এসব কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিএসসি। ইতোমধ্যে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কমিশন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন