নভেম্বর ২৬, ২০২৬, ১২:১৪ এএম
বুদ্ধিসম্পন্ন বয়সে পৌঁছানোর পরও মানুষ কেন নামাজ পড়ে না - আলোচনার শুরুতেই এই প্রশ্ন রেখেছেন ইসলামি বক্তা নোমান আলী খান। আবার অনেকে নামাজ পড়লেও তাতে অলসতা করে, সেই অলসতার কারণ নিয়েও তিনি কথা বলেছেন। কিশোর-কিশোরীদের উদ্দেশে তিনি কথা বলেছেন একজন বাবার অবস্থান থেকে, বাবা হিসেবেই তিনি তাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরেছেন।
সন্তানদের তিনি মনে করিয়ে দেন, একসময় তাদের কোনো অস্তিত্বই ছিল না। আজ যে জীবন তারা পেয়েছে, তা একসময় ছিল না।
নোমান আলী খান বলেন, মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক সাময়িক। সময়ের সঙ্গে সেই সম্পর্ক বদলে যায়। কিন্তু আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক চিরস্থায়ী। সেই সম্পর্ক কখনো বদলায় না, কখনো শেষ হয় না।
তিনি বলেন, মা-বাবা নামাজ পড়তে বললে অনেক সন্তানই মনে করে, তাদের ওপর খবরদারি করা হচ্ছে। বাবা-মায়ের কথাকে তারা নিয়ন্ত্রণ হিসেবে দেখে। অথচ মা-বাবার নিয়ন্ত্রণ সীমিত। মানুষের শরীরের প্রতিটি কোষ নিয়ন্ত্রণ করেন আল্লাহ, নিয়ন্ত্রণ করেন তার ভাগ্যও।
বয়স বাড়লে মানুষের স্বাধীনতা বাড়ে, বলেন নোমান আলী খান। আর স্বাধীনতা বাড়লে নিজের প্রতিটি কাজের দায়বদ্ধতাও বাড়ে।
তিনি বলেন, শেষ বিচারের দিন প্রত্যেককে একাকী হিসাব দিতে হবে। সেদিন কেউ কারও দায় নেবে না। প্রত্যেককেই নিজের কাজের হিসাব নিজে দিতে হবে, একা দাঁড়িয়েই।
তিনি আরও বলেন, আল্লাহ সম্পূর্ণ অমুখাপেক্ষী।
তাঁর মানুষের নামাজ বা ইবাদতের কোনো প্রয়োজন নেই।
কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে নোমান আলী খান বলেন, মানুষ নামাজ পড়ে না, কারণ তার অন্তরে আল্লাহর সত্যতা নিয়ে উপলব্ধির অভাব রয়েছে। রয়েছে বিভ্রান্তি।
তিনি বলেন, শুধু চাপে পড়ে নামাজ পড়লে তাতে কোনো উপকার হয় না। ভুল নিয়তে পড়া নামাজও মানুষের কোনো কাজে আসে না।
নামাজ শুধু জাহান্নামের ভয়ে পড়ার বিষয় নয়, বলেন নোমান আলী খান। ইতিবাচকভাবে আল্লাহকে স্মরণের জন্যই নামাজ পড়া উচিত। মানুষের জীবনের সব কল্যাণ আসে আল্লাহর কাছ থেকে, রিজিকও আসে তাঁর কাছ থেকেই।
তিনি বলেন, নিয়মিত ও আন্তরিক নামাজ মানুষকে অশ্লীলতা থেকে রক্ষা করে, রক্ষা করে পাপাচার থেকেও। যে মানুষ নিয়মিত নামাজে থাকে, সে ধীরে ধীরে মন্দ কাজ থেকে দূরে সরে আসে। এমন নামাজ মানুষকে নৈতিক অধঃপতন থেকে বাঁচায়।
আলোচনার শেষ দিকে তার বার্তা ছিল মা-বাবাদের উদ্দেশে। নোমান আলী খান বলেন, জোর করে সন্তানের ওপর দ্বীন চাপিয়ে দিলে সন্তান বিদ্রোহী হয়ে উঠতে পারে। চাপ দিয়ে নামাজি বানানো যায় না।
তিনি বলেন, আদেশের চেয়ে নিজেদের আমল দিয়ে সন্তানদের মনে নামাজের ভালোবাসা তৈরি করতে হবে। মা-বাবা নিজেরা আমলে থাকলে সন্তানের মনেও সেই ভালোবাসা জন্মায়।
চারাগাছকে যেমন সযত্নে ও ধৈর্য ধরে বড় করতে হয়, সন্তানকেও তেমনি যত্ন আর ধৈর্যে গড়ে তুলতে হয়, বলেন নোমান আলী খান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন