মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
ইসলাম ও জীবন

পিরিয়ডের সময় কোরআনের অনুবাদ পড়া ও স্পর্শ করার ইসলামিক বিধান জানুন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৪:১৩ পিএম

পিরিয়ডের সময় কোরআনের অনুবাদ পড়া ও স্পর্শ করার ইসলামিক বিধান জানুন

ঋতুস্রাব বা পিরিয়ড অবস্থায় নারীদের জন্য সরাসরি কোরআন তিলাওয়াত করা, শিক্ষা দেওয়া এবং মূল কোরআন স্পর্শ করা জায়েজ নয়। সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, ঋতুমতী নারী এবং যাদের ওপর গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি যেন কোরআন মাজিদ পাঠ না করেন।

তবে পিরিয়ডের সময় কোনো নারী যদি কোরআন শরিফের অনুবাদ বা তাফসির পড়তে চান কিংবা কাউকে পড়াতে হয়, তবে শর্তসাপেক্ষে তা তার জন্য অনুমোদিত। এ ক্ষেত্রে প্রধান শর্ত হলো, সংশ্লিষ্ট কিতাবটির অধিকাংশ অংশ তাফসিরের হতে হবে।

ঋতুস্রাব অবস্থায় তাফসিরের কিতাবের যে অংশে কোরআনের মূল আয়াত লেখা নেই, সেই অংশ স্পর্শ করা জায়েজ হলেও অযথা স্পর্শ করা অনুত্তম। আর যদি কিতাবটিতে তাফসিরের তুলনায় কোরআনের আয়াতের পরিমাণ বেশি থাকে, তবে সেই কিতাব স্পর্শ করা মাকরূহ।

হায়েজ বা পিরিয়ড অবস্থায় কোরআনের আয়াত ধারাবাহিকভাবে তিলাওয়াত করা জায়েজ নয়। তবে শিক্ষক বা শিক্ষিকার জন্য শিক্ষাদানের প্রয়োজনে এক বা দুই শব্দ করে আলাদা আলাদাভাবে উচ্চারণ করার সুযোগ রয়েছে।

অনুবাদ পাঠের ক্ষেত্রেও সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। পিরিয়ড অবস্থায় কোরআনের অনুবাদ পড়ার প্রয়োজন হলে, সেই অনুবাদ যদি শব্দে-শব্দে এমনভাবে করা হয়ে থাকে যে তা মূল কোরআনেরই অনুরূপ হয়ে যায়, তবে সেটি মূল কোরআনের মতোই মর্যাদা রাখে এবং সে অবস্থায় তা পড়া ও স্পর্শ করা জায়েজ নয়।

অন্যদিকে, অনুবাদটি যদি মৌলিক বা ভাবার্থক হয়, তবে হায়েজ অবস্থায় তা পড়া ও স্পর্শ করা জায়েজ। তবে ভাবার্থক অনুবাদের যেসব স্থানে মূল আরবি আয়াত লেখা থাকে, সেই অংশ সরাসরি স্পর্শ করা জায়েজ নয়; প্রয়োজনে আলাদা কোনো আবরণ দিয়ে তা স্পর্শ করা যেতে পারে।