নভেম্বর ১৭, ২০২৬, ০৪:০৭ পিএম
সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্পের আওতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ শীর্ষক অরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ এবং এই সংসদের সংসদ সদস্যগণ অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদে নির্বাচিত হয়ে এসেছেন এবং আইন প্রণয়নের পাশাপাশি তাদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব। এই অরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে লব্ধ জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যের সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সবার দায়িত্ব উল্লেখ করে স্পিকার উন্নয়ন প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের গুণগত মান বৃদ্ধি করে উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিগত শাসনামলের সমালোচনা করে স্পিকার বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে এবং ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। তবে সরকারের উন্নয়ন প্রকল্পের সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন এবং সংসদের উন্নয়ন প্রকল্পে নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন এবং ১১ বছর পরে নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেননি, যা বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করবেন বলে তিনি মন্তব্য করেন।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভুঁইয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ। কর্মশালায় মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্যগণ, ইউএনডিপির প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন