নভেম্বর ১৭, ২০২৬, ০৩:০৬ পিএম
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় জানান।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মওলানা ভাসানী কখনো অন্যায় ও অবিচারের কাছে মাথা নত করেননি এবং আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শ বুকে ধারণ করেই আগামী দিনে সবাই সামনের পথে এগিয়ে যাবেন।
তিনি উল্লেখ করেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী টাঙ্গাইল থেকেই স্বাধীনতা যুদ্ধের মূল বীজ বপন করেছিলেন এবং নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সারা জীবন সংগ্রাম করে গেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন ও সংগ্রাম করেছেন এবং তারা কখনো অন্যায়ের কাছে আপস করেননি।
বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা এ দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যেখানে আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে এক হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং এমনকি শিশুদেরও রেহাই দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা সাময়িকভাবে বিশৃঙ্খলা তৈরি করতে পারলেও বাংলাদেশের জনগণ কোনোভাবেই তাদের দেশের রাজনীতিতে জায়গা দেবে না এবং এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাড়িতে বাড়িতে আগুন দেওয়ার মতো কাজ কোনো রাজনৈতিক দল করতে পারে না, বরং ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও খুনিরাই এ ধরনের কাজ করতে পারে। এই অপশক্তি যাতে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে জন্য পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের দোসর ও বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
স্মরণসভার আগে বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা। ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে মাজার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে এবং ফুলে ফুলে ছেয়ে যায় সমাধিস্থল, যেখানে ভক্ত ও মুরিদানদের কণ্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন