মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

জেনিফার লোপেজ আরও ছয়টি বিয়ে করতে পারবেন বলে ভক্তের রসিকতা

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০২:৩৩ পিএম

জেনিফার লোপেজ আরও ছয়টি বিয়ে করতে পারবেন বলে ভক্তের রসিকতা

চারবার বিয়ের অভিজ্ঞতা নিয়ে নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভক্তের রসিকতার মুখে পড়ে হাসিমুখেই পাল্টা জবাব দিয়েছেন হলিউড তারকা জেনিফার লোপেজ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দ্য জেলো শো নামের একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নেন এই গায়িকা ও অভিনেত্রী। সেখানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে নিজের চারটি বিয়ে নিয়ে আলাপ করছিলেন তিনি।

কথোপকথনের এক পর্যায়ে দর্শক সারি থেকে এক ভক্ত জেনিফার লোপেজকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আপনার হাতে এখনও ছয়টি আঙুল বাকি আছে। মূলত হাতের দশ আঙুলের হিসাবে তিনি আরও ছয়বার বিয়ে করার সুযোগ রাখেন — এমন ইঙ্গিত দিয়েই রসিকতা করেন ওই দর্শক।

দর্শকের এমন মন্তব্য শুনে বিরক্ত না হয়ে জেনিফার উত্তর দেন, হ্যাঁ, আছে। এরপরই তিনি হেসে ওঠেন এবং এই রসিকতাকে নিজের জীবনে শোনা সবচেয়ে মজার কথা বলে উল্লেখ করেন। পরে মঞ্চে থাকা র‍্যাচেল জেগলার ও জেনিফার মজা করে বলেন, কথাটি টি-শার্টে ছাপানো উচিত।

ভবিষ্যতে কেউ তার বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে তিনি শুধু বলবেন, আমার আরও ছয়টি আঙুল আছে — এমন পরিকল্পনার কথাও জানান এই তারকা।

তবে পুরো বিষয়টি মজার ছলে বললেও আলোচনার শেষ দিকে কিছুটা গম্ভীর হয়ে জেনিফার লোপেজ বলেন, আমার মধ্যে আর সেই শক্তি আছে কি না, জানি না।

ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার ভাঙার কারণে বরাবরই আলোচনায় থাকেন এই সংগীতশিল্পী। ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার, তবে এক বছরের মধ্যেই সেই সংসার ভেঙে যায়।

এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি, যা ২০০৩ সালে বিচ্ছেদে গড়ায়। ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনির সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন জেনিফার। সাত বছরের দাম্পত্য জীবনে তাদের ম্যাক্স ও এমি নামে দুই সন্তান জন্ম নেয়। ২০১১ সালে এই দম্পতি বিচ্ছেদের ঘোষণা দেন এবং ২০১৪ সালে তাদের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়।

জেনিফারের চতুর্থ বিয়ে হয় হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে। ২০০০-এর দশকের শুরুর দিকে তাদের বাগদান হলেও সে সময় সম্পর্কটি ভেঙে গিয়েছিল। প্রায় দুই দশক পর তারা আবার সম্পর্কে জড়ান এবং ২০২২ সালে বিয়ে করেন। তবে চতুর্থ এই সংসারও টেকেনি — ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার এবং ২০২৫ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।