নভেম্বর ১৭, ২০২৬, ০২:২৩ পিএম
ফিজিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বর্তমান চুক্তির মেয়াদ শেষে দেশে ফিরে না এসেই ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি শ্রম অভিবাসন, বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ, টেকসই কৃষি এবং বিমান পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশি চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান বা রূপান্তরের প্রক্রিয়া বর্তমান তিন মাস থেকে কমিয়ে আনার এবং কূটনৈতিক মাধ্যমে পাঠানো সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের উদ্যোগ নিতে ফিজি সরকারের প্রতি অনুরোধ জানান।
বাংলাদেশের বিপুল তরুণ ও কর্মক্ষম জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ফিজির নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল ও রেস্তোরাঁ এবং কারিগরি খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ফিজিতে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে বৈঠকে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। প্রথমত, ফিজির কোন খাতে কী ধরনের দক্ষ কর্মীর চাহিদা রয়েছে তার সুনির্দিষ্ট তালিকা প্রদান, যাতে আগ্রহী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা যায়। দ্বিতীয়ত, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর পাশাপাশি চাহিদা নির্ধারণ ও নিয়োগ ত্বরান্বিত করতে দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। তৃতীয়ত, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে নিয়মিত তথ্য বিনিময় ও পারস্পরিক আলোচনার মাধ্যমে যৌথভাবে কাজ বাস্তবায়ন। একই সঙ্গে ফিজিতে বাংলাদেশি কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে দেশটির সরকারের সার্বিক সহযোগিতা চান তিনি।
বৈঠকে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি জানান, ফিজি সরকার নাগরিকদের বিনামূল্যে শিক্ষা দেওয়ায় উচ্চশিক্ষা শেষে অনেকেই বিদেশে চলে যান, ফলে দেশটির অভ্যন্তরীণ শ্রমবাজারে দক্ষ বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আবহাওয়া ও সংস্কৃতিতে মিল থাকায় বাংলাদেশি কর্মীদের জন্য ফিজিতে ভালো সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং উত্থাপিত প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য ফিজির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বর্তমানে ফিজিতে প্রায় আট হাজার বাংলাদেশি কর্মী কর্মরত আছেন এবং চলতি বছরেই আরও তিন হাজার ৩০০ কর্মী দেশটিতে গেছেন। তিনি বাংলাদেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ফিজির চাহিদা অনুযায়ী আগ্রহী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন