মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

গ্র্যামি মনোনয়নে ১০০টির মাইলফলকে বিয়ন্সে, টানা রেকর্ডে টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০১:৫৪ পিএম

গ্র্যামি মনোনয়নে ১০০টির মাইলফলকে বিয়ন্সে, টানা রেকর্ডে টেইলর সুইফট

সংগীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরের মনোনয়ন তালিকায় ১০০টি মনোনয়ন পূর্ণ করে নতুন ইতিহাস গড়েছেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। সোমবার (১৬ নভেম্বর) ঘোষিত এই তালিকায় নিজের নতুন রেকর্ড গড়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফটও।

এবারের আসরে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ গায়িকা রেই।

৪৫ বছর বয়সী বিয়ন্সে তাঁর ‍‍`মর্নিং ডিউ (ডঙ্ক)‍‍` গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়েছেন। এর মাধ্যমে গ্র্যামির ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে শততম মনোনয়নের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগেই সর্বোচ্চ ৩৫টি গ্র্যামি জয়ের রেকর্ডটিও তাঁর দখলে রয়েছে। নিজের ‍‍`বি-ডে‍‍` অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের জুলাইয়ে গানটি প্রকাশ করেন বিয়ন্সে এবং এর এক মাস পর স্বামী জে-জেডকে সঙ্গে নিয়ে গানটির একটি রিমিক্স সংস্করণ প্রকাশ করেন।

অন্যদিকে এবার মোট পাঁচটি মনোনয়ন পেয়ে গ্র্যামিতে নিজের ক্যারিয়ারের মোট মনোনয়ন সংখ্যা ৬৩টিতে উন্নীত করেছেন টেইলর সুইফট, যার মধ্যে তিনি জিতেছেন ১৪টি পুরস্কার। সর্বশেষ অ্যালবাম ‍‍`দ্য লাইফ অব আ শোগার্ল‍‍`-এর জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়ে গ্র্যামির ইতিহাসে প্রথম নারী এবং সামগ্রিকভাবে দ্বিতীয় শিল্পী হিসেবে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য এই বিভাগে মনোনয়ন পাওয়ার কীর্তি গড়লেন সুইফট। এর আগে একমাত্র শিল্পী হিসেবে কেনড্রিক লামার এই কৃতিত্ব অর্জন করলেও তিনি এখনো বিভাগটিতে পুরস্কার জিততে পারেননি।

মনোনয়নের সংখ্যায় এবার কিছুটা পিছিয়ে থাকলেও মর্যাদাপূর্ণ ‍‍`বিগ ফোর‍‍` বিভাগের তিনটিতেই জায়গা করে নিয়েছেন সুইফট। ‍‍`দ্য লাইফ অব আ শোগার্ল‍‍`-এর জন্য বর্ষসেরা অ্যালবাম, ‍‍`দ্য ফেট অব অফেলিয়া‍‍` গানের জন্য বর্ষসেরা রেকর্ড এবং ‍‍`আই নুড ইট, আই নুড ইউ‍‍` গানের জন্য বর্ষসেরা গান বিভাগে মনোনীত হয়েছেন তিনি।

সামগ্রিক মনোনয়ন তালিকায় এবারও নারী শিল্পীদের আধিপত্য বজায় রয়েছে। ১১টি মনোনয়ন পাওয়া রেইয়ের পর ৯টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রোজালিয়া। এ ছাড়া ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট, এলা ল্যাংলি ও অলিভিয়া রদ্রিগো সাতটি করে এবং অলিভিয়া ডিন, ব্রুনো মার্স ও লিওন থমাস ছয়টি করে মনোনয়ন পেয়েছেন।

আগামী ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল আসর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় অনুযায়ী ৮ ফেব্রুয়ারি সকাল ৬টায় এবিসি, ডিজনি প্লাস ও হুলুতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।