মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গে বৌদি বা ভাবি বলে ডাকা যাবে না, পরামর্শ বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ১১:৩২ এএম

পশ্চিমবঙ্গে বৌদি বা ভাবি বলে ডাকা যাবে না, পরামর্শ বিজেপি নেতার

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিজেপি নেতা।

অপরিচিত বা আত্মীয়তা নেই এমন নারীদের বৌদি বা ভাবি বলে সম্বোধন না করার পরামর্শ দিয়েছেন বিজেপির এক নেতা। একই সঙ্গে তরুণদের বন্ধুদের বাড়িতে ডেকে আনা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ সিকদার হরিহরপাড়া এলাকার এক সমাবেশে এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিষ্ণুচরণ সিকদার বলেন, আত্মীয়তার সম্পর্ক না থাকলে নারীদের বৌদি বলা থেকে নানা অনাকাঙ্ক্ষিত সামাজিক আচরণের সুযোগ তৈরি হয়। যাদের সঙ্গে পারিবারিক রক্তের সম্পর্ক রয়েছে, শুধু তারাই কোনো নারীকে বৌদি বলে ডাকতে পারবেন। অন্য কাউকে ডাকতে হলে দিদি বা বোন বলতে হবে অথবা নাম ধরে ডাকতে হবে। নারীদেরও কেউ বৌদি ডাকলে তা সংশোধন করে দিদি বলতে বলার পরামর্শ দেন তিনি।

শুধু সম্বোধন নয়, বন্ধুদের বাড়িতে আসা-যাওয়া নিয়েও আপত্তি জানিয়েছেন ওই বিজেপি নেতা। তার পরামর্শ অনুযায়ী, তরুণদের বন্ধুদের বাড়িতে ডেকে আনা উচিত নয়। কোনো বন্ধু দেখা করতে চাইলে তাকে চায়ের দোকান, মন্দির কিংবা ক্লাবে দেখা করার কথা বলতে হবে। সমাজ থেকে বন্ধু সংস্কৃতি ধীরে ধীরে তুলে দিতে পারলে অপরাধমূলক কর্মকাণ্ড কমবে বলে দাবি করেন তিনি।

বিজেপির এই নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, বৌদি ও ভাবি সম্বোধন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচলিত সামাজিক রীতি। মানুষের দৈনন্দিন সম্বোধন পরিবর্তন করলেই সমাজের কোনো পরিবর্তন হবে না।

এদিকে দলীয় নেতার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেনি রাজ্য বিজেপি। দলটির মুর্শিদাবাদ জেলা সভাপতি সৌমেন মণ্ডল জানিয়েছেন, এটি সম্পূর্ণ ওই নেতার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। ভারতীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সব ধরনের সম্বোধনেরই জায়গা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ এই বক্তব্যকে ব্যঙ্গ করে নতুন নিয়ম বলে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ রাজনৈতিক প্রসঙ্গ টেনে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া