শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
পশ্চিমবঙ্গ রাজনীতি

বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়েই চালাতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৭, ২০২৬, ০৫:১৫ পিএম

বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়েই চালাতে হবে

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বুলডোজার চালানোর সাহস থাকলে তাদের শরীরের ওপর দিয়েই তা চালাতে হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় বিজেপিকে দায়ী করে শনিবার (৭ নভেম্বর) এই মন্তব্য করেন তিনি।

মমতার অভিযোগ, কালীপূজা ও দীপাবলির কয়েক ঘণ্টা আগে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়ভাবে ধর্মীয় উৎসব পালনের পরিবেশও বিঘ্নিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দুই দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে এলাকায় দুর্গাপূজার একটি প্যান্ডেল প্রধান সড়কের ওপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা। তার দাবি, এর ফলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজার যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। পুরোনো পূজার আয়োজন বাধাগ্রস্ত করে নতুন পূজার অনুমতি দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে মমতা বলেন, এলাকাটি তাদের এবং এই পথ দিয়ে দীর্ঘদিন ধরে মা কালীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। সেখানে নতুন করে বিশৃঙ্খলা তৈরির কোনো প্রয়োজন নেই। তার অভিযোগ, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজার অনুমতি বাতিল করা হলেও নতুন পূজার আয়োজনের অনুমতি দেওয়া হচ্ছে। এমনকি আগের রাতে স্থানীয় ক্লাবগুলোকেও তাদের কার্যক্রম চালাতে বাধা দেওয়া হয়েছে।

মমতা আরও বলেন, তারা বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়ার অংশ হওয়ায় বিজেপি তাদের ওপর ক্ষুব্ধ। রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের কর্মসূচি ও ধর্মীয় আয়োজন বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল নেত্রী বলেন, এলাকায় চরম গুন্ডামি চলছে। গভীর রাতে দুইটা-তিনটার দিকে লোকজন জড়ো হয়ে হামলার পরিস্থিতি তৈরি করছে। বুলডোজার চালানোর ক্ষমতা থাকলে রাতের অন্ধকারে লোকজন নিয়ে কালীপূজায় হামলা করতে আসার প্রয়োজন কী? তারা সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, অথচ পরিকল্পিতভাবে তাতে বাধা দেওয়া হচ্ছে।