অক্টোবর ১২, ২০২৬, ০৪:০২ পিএম
উই ওয়ান্ট জাস্টিস বা আমরা ন্যায়বিচার চাই—এই স্লোগানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একাট্টা হয়ে রাজপথে নামছেন দেশটির বিরোধী নেতারা।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবিতে রাজধানী নয়াদিল্লির কনট প্লেস থেকে ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত এক বিশাল পদযাত্রার ডাক দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সরাসরি শামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কর্মসূচি শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থানের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, সাধারণ মানুষের মানবিক অধিকার রক্ষার স্বার্থেই তারা এই যৌথ প্রতিবাদ গড়ে তুলেছেন। আন্দোলনকারীদের একমাত্র লক্ষ্য সাংবিধানিক ন্যায়বিচার নিশ্চিত করা।
মমতা বলেন, তাদের এই আন্দোলন মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। দেশের অসংখ্য সাধারণ মানুষকে অন্যায়ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দাবি করে তিনি সাফ জানান, তারা অবিলম্বে এর সুষ্ঠু বিচার চান এবং ন্যায়বিচার নিশ্চিত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় নজিরবিহীন কারচুপি করার অভিযোগ এনেছে বিরোধীরা। তাদের দাবি, শাসক দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) নির্বাচনে বাড়তি রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতেই পক্ষপাতমূলকভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। একই ইস্যুতে কাকরোচ জনতা পার্টিও (সিজেপি) নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লির রাজপথে লাগাতার বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন