নভেম্বর ৭, ২০২৬, ০৩:৫০ পিএম
অস্ত্র উৎপাদনে আত্মনির্ভরশীলতা অর্জনের পর এবার আন্তর্জাতিক বাজারে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি এক দীর্ঘ সংবাদ সম্মেলনে ইরানের বর্তমান সামরিক সক্ষমতা ও বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন।
ইরানের উন্নত অস্ত্র রপ্তানি প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করে হোসেইন মোহেব্বি জানান, নিজ দেশের সশস্ত্র বাহিনীর চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা সরবরাহের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে তেহরান।
সংবাদ সম্মেলনে আইআরজিসির এই মুখপাত্র দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসি মিলে যুক্তরাষ্ট্রের ২৬০টিরও বেশি সামরিক বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ভূপাতিত হওয়া এসব সামরিক যানের মধ্যে F-16, F-35 ও F-18-এর মতো অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নিজ দেশের সামরিক অর্জনের সুনির্দিষ্ট বিবরণ দিয়ে তিনি জানান, ইরানের সামরিক বাহিনীর হাতে বর্তমানে এমন কিছু উন্নত প্রযুক্তি ও কৌশলগত সামরিক সক্ষমতা রয়েছে, যা আগে কখনো প্রকাশ্যে আনা হয়নি।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সক্ষমতা তুলে ধরে মোহেব্বি আরও দাবি করেন, মার্কিন বাহিনীর প্রতিরক্ষা অবকাঠামো THAAD এবং Patriot ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করে দেওয়ার কৌশলগত প্রযুক্তি এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ওয়াশিংটন যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নেমে পড়ে, তবে তাদের অভূতপূর্ব ও চরম মূল্য দিতে হবে।
তথ্যসূত্র: আলজাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন