নভেম্বর ১৭, ২০২৬, ১১:২৪ এএম
জলবায়ু খাতে সরকারের উদ্যোগের ফলাফল সুনির্দিষ্ট সংখ্যা ও পরিমাপযোগ্য অর্জনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। সোমবার তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বর্তমান সরকার বাস্তব পরিবর্তন আনতে এবং প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ করছে বলে জানান তিনি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে বিভিন্ন উদ্যোগ ও প্রতিশ্রুতি থাকলেও সেগুলোর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি বলে উল্লেখ করেন ড. সাইমুম পারভেজ। সরকারের লক্ষ্য কেবল পরিকল্পনা প্রণয়ন কিংবা প্রতিশ্রুতি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, বরং বাস্তবায়নের মাধ্যমে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করা।
জলবায়ু খাতে কী ধরনের পরিবর্তন এসেছে এবং এসব উদ্যোগ জনগণের জীবনে কী প্রভাব ফেলেছে, তার সুস্পষ্ট হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে চায় সরকার।
পাঁচ বছর পর জনগণ সুনির্দিষ্ট তথ্য ও বাস্তব অর্জনের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারবেন বলে জানান তিনি। স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, কার্যকর অভিযোজন কার্যক্রম নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় অপরিহার্য। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু ঝুঁকি হ্রাসে কার্যকর অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তি ও শিল্পায়নকে মূল চালিকাশক্তি হিসেবে যুক্ত করতে কপ৩১ সম্মেলনে ‘আনতালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গীকার’ এবং ‘আনতালিয়া সবুজ শিল্পায়ন চুক্তি’ ঘোষণা করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জলবায়ু কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, শিল্পের কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
সম্মেলনে পরিবেশগত তথ্য প্রকাশ, সবুজ ডেটা সেন্টার স্থাপন এবং এআই-সক্ষম জলবায়ু সমাধান বাস্তবায়নের মতো উদ্যোগের কথা জানানো হয়।
উল্লেখ্য, তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’ শীর্ষক এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে পরিবেশ মন্ত্রণালয়, গেইন এবং সুইস সহায়তাপুষ্ট কল কনসোর্টিয়াম।
অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের সভাপতি মুরাত কুরুম জলবায়ু সমাধানের অংশ হিসেবে শিল্প ও প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন