মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

আলীগের ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার নীলনকশা ফাঁস

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০২:৪৩ এএম

আলীগের ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার নীলনকশা ফাঁস

আওয়ামী লীগ নেতাদের ভার্চুয়াল বৈঠকের অডিও রেকর্ড ফাঁসের ঘটনা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন নেতার একটি ভার্চুয়াল বৈঠকের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সোমবার সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য প্রকাশ করেন। বৈঠকে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করতে নেতাকর্মীদের নানা নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতারা হলেন সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন। গত ১৫ নভেম্বর এই ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয় বলে পোস্টে উল্লেখ করা হয়। অডিও রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত লকডাউন সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে।

এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও প্রয়োজনে হত্যার নির্দেশও দেন তিনি। বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। ভারতে আশ্রয় নেওয়া পলাতক নেতারা সে দেশের মাটিতে বসে এসব ধ্বংসাত্মক অপতৎপরতার নির্দেশ দিচ্ছেন।

বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি অবিলম্বে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তোলা। প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে এমন প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ তারা কীভাবে দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সংশ্লিষ্টরা। বৈঠকের এই অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।