মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

ইনস্টাগ্রাম রিলস ও ফিড পোস্টে যুক্ত হলো অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১১:৫৫ পিএম

ইনস্টাগ্রাম রিলস ও ফিড পোস্টে যুক্ত হলো অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক

ইনস্টাগ্রাম রিলস ও ফিড পোস্টে অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক যুক্ত করার ফিচার

কনটেন্ট নির্মাতারা এখন থেকে সরাসরি ইনস্টাগ্রামের রিলস এবং ফিড পোস্টে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক যুক্ত করতে পারবেন। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি সোমবার নতুন এই ফিচার চালুর ঘোষণা দেয়। এর মাধ্যমে নির্মাতারা তাদের প্রমোশনাল পোস্টে একাধিক পণ্যের লিংক যুক্ত করে আয় করার নতুন সুযোগ পাচ্ছেন।

নতুন এই ফিচারের ফলে নির্মাতারা প্রতিটি রিলে সর্বোচ্চ ৩০টি এবং ফিড পোস্টে সর্বোচ্চ ২০টি পর্যন্ত পণ্য যুক্ত করতে পারবেন। এতদিন ব্যবহারকারীরা কেবল বায়ো, স্টোরি বা ডাইরেক্ট মেসেজের মাধ্যমে এই ধরনের লিংক শেয়ার করতে পারতেন। তবে সরাসরি ভিডিও বা পোস্টের সঙ্গে লিংক যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের ক্লিকের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এই সুবিধা উপভোগ করতে যোগ্য নির্মাতাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশন সেকশন থেকে ইনস্টাগ্রাম এবং অ্যামাজন অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। অ্যাকাউন্ট সংযুক্ত হওয়ার পর নির্মাতারা যখন কোনো অ্যামাজন পণ্য ট্যাগ করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে অ্যাফিলিয়েট লিংক বসে যাবে। দর্শক বা অনুসারীরা সেই লিংকে ট্যাপ করলে সরাসরি অ্যামাজনের শপিং অ্যাপে চলে যাবেন।

অ্যামাজন অ্যাকাউন্ট যুক্ত করার পর নির্মাতারা যেকোনো পণ্যের আনুমানিক কমিশনের হারও দেখতে পাবেন। এই প্রক্রিয়ায় লেনদেনের জন্য ইনস্টাগ্রাম কোনো কমিশন বা চার্জ কাটবে না এবং কমিশন আগের মতোই পরিশোধ করবে অ্যামাজন। টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই ধরনের মনিটাইজেশন টুলস আরও সমৃদ্ধ করছে প্ল্যাটফর্মটি।