নভেম্বর ১৬, ২০২৬, ০৫:০৭ পিএম
চীনে তৈরি প্রথম দেশীয় প্রযুক্তির ১০ টন শ্রেণির বৈদ্যুতিক বাণিজ্যিক যাত্রী বিমান সফলভাবে প্রথম পাইলট চালিত পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমাচ এই বিমানটি তৈরি করেছে।
চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে গত শনিবার সিই-২৫এ নামের এই বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয়।
উড্ডয়নকালে বিমানটিতে দুই জন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন।
বিমানটি আকাশে মোট ১৬ মিনিট ৩৬ সেকেন্ডসহ সার্বিকভাবে ৫৭ মিনিটের পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে এবং ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বিমানটি স্বাভাবিকভাবে কাজ করেছে এবং সব পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী পাওয়া গেছে।
স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাতায়াতের উপযোগী করে তৈরি এই বিমানটি দিয়ে শহরগুলোর মধ্যে একসাথে ১৯ জন পর্যন্ত যাত্রী পরিবহন করা সম্ভব। বিমানটির ডানায় বিশেষ বৈদ্যুতিক চালিকা শক্তি ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
কমাচ, ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাটল, সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি এবং অন্যান্য স্থানীয় অংশীদাররা যৌথভাবে এই প্রকল্পটির উন্নয়ন কাজ পরিচালনা করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন