সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৪৩ পিএম

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন।

সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থও বক্তব্য দেন। সরকারের ইতিবাচক উদ্যোগ ও পরিবর্তনগুলো গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সংবাদ প্রকাশ বা বর্জনের ক্ষেত্রে বর্তমান সরকার কোনো চাপ প্রয়োগ করে না বলে জানান প্রতিমন্ত্রী।

বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা ভীতির পরিবেশ তৈরি করেছিল বলে সভায় উল্লেখ করা হয়। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাংবাদিকদের খোলামনে ও দায়িত্বশীলভাবে বাস্তবভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ভুলত্রুটি থাকলে তা তুলে ধরতেও কোনো বাধা নেই। এ সময় গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মতো গণমাধ্যমের ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৈঠকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১২ মে ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশের স্থিতিশীলতা বিনষ্ট বা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে বিদ্যমান আইন ও প্রজ্ঞাপন বিবেচনায় রাখতে হবে।

এছাড়া বিদেশের কোনো ঘটনার ক্ষেত্রে নির্দিষ্ট স্থান বা দেশের নাম স্পষ্ট না করে শিরোনাম দেওয়ায় পাঠক বিভ্রান্ত হতে পারেন বলে সতর্ক করেন তিনি।

এদিকে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি নীতি সহায়তা দেওয়ার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং এ বিষয়ে খুব শিগগির উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি এবং আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

তবে নিবন্ধন ছাড়াই শুধু ডোমেইন কিনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে হাজার হাজার ওয়েবসাইট পরিচালিত হচ্ছে। পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একটি কমিটি গঠনের মাধ্যমে যাচাই-বাছাই প্রক্রিয়া চালুর কথা জানান প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু সংগঠনের পক্ষে বিদ্যমান সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। এ সময় ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ বক্তব্য দেন।

এছাড়া বৈঠকে জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায়ও বক্তব্য রাখেন।