অক্টোবর ১৩, ২০২৬, ০৪:১৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক তানজীনা তানীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম সভার কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে অনুমোদন করা হয়।
আলোচনায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। সেখানে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিলে মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসও যথাযথভাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার ও অনুষ্ঠানমালার সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত মূল্যায়ন করে সংসদীয় কমিটি।
কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়, বিটিভির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য কোনো বাণিজ্যিক চ্যানেলে রূপান্তর হওয়া নয়। বরং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটিকে ভূমিকা রাখতে হবে। তাই বিটিভির সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের তাগিদ দেওয়া হয়। সংবাদের গুরুত্ব অনুধাবন, বস্তুনিষ্ঠ প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার প্রদান এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য রুচিশীল অনুষ্ঠান নির্মাণের নির্দেশনা দেওয়া হয়।
বিগত ১৭ বছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তলব করেছে সংসদীয় কমিটি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও পদবিসহ বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সময়ে রাজনৈতিক বা প্রশাসনিক কারণে বাতিল করা বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও কমিটির সামনে হাজির করার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
আসন্ন শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের নাগরিকেরা যাতে সম্পূর্ণ স্বাধীন ও নির্বিঘ্ন পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা পালনের সুপারিশ করা হয়।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার।
এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, অধীনস্থ অধিদপ্তরসমূহের মহাপরিচালক, বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন