সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
ব্রাকসু নির্বাচন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্রাকসু নির্বাচন স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৪০ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্রাকসু নির্বাচন স্থগিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রায় এক বছর আগে মনোনয়ন ফরম বিক্রি করে প্রার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কয়েক দফায় তফসিল ঘোষণা ও পরিবর্তনের পর নির্বাচনী কার্যক্রম স্থগিত হয়ে যায়। এর মধ্যে অনেক প্রার্থীর ছাত্রত্ব শেষ হয়েছে এবং কেউ কেউ চাকরিতে যোগ দিয়েছেন। দীর্ঘদিন নির্বাচন ঝুলে থাকায় প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ার পাশাপাশি মনোনয়ন ফরম বিক্রির অর্থের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ব্রাকসু নির্বাচনের জন্য কেন্দ্রীয় সংসদের পাশাপাশি তিনটি আবাসিক হল সংসদের নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। হলগুলো হলো মুখতার ইলাহী হল, বিজয়-২৪ হল ও ফেলানী হল। কেন্দ্রীয় সংসদে ১৩টি এবং প্রতিটি হল সংসদে নয়টি করে মোট ২৭টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। সব মিলিয়ে কেন্দ্রীয় ও তিনটি হল সংসদে ৪০টি পদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।

নির্বাচনে মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছিল কেন্দ্রীয় সংসদের প্রতিটি ফরম ৪০০ টাকা এবং হল সংসদের প্রতিটি ফরম ৩০০ টাকা। সে হিসাবে কেন্দ্রীয় সংসদের ১৩টি পদের ফরমের মূল্য দাঁড়ায় ৫ হাজার ২০০ টাকা এবং তিনটি হল সংসদের ২৭টি পদের ফরমের মূল্য ৮ হাজার ১০০ টাকা। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ প্যানেলের ৪০টি মনোনয়ন ফরম সংগ্রহে ব্যয় হয় ১৩ হাজার ৩০০ টাকা। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শিবির সমর্থিত প্যানেল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থিত আশিকুর রহমান আশিকের প্যানেল থেকে প্রায় ৪০টি করে ফরম সংগ্রহ করা হয়। শুধু এই দুটি প্যানেল থেকে প্রায় ২৬ হাজার ৬০০ টাকা সংগৃহীত হওয়ার কথা। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাইরের একটি মেডিকেল প্রতিষ্ঠান থেকে ড্রাগ টেস্ট করাতে হয়েছে, যার জন্য প্রত্যেককে ব্যক্তিগতভাবে প্রায় এক হাজার টাকা ব্যয় করতে হয়েছে। এ ছাড়া আবাসিক হলের ক্লিয়ারেন্স সংগ্রহ ও বকেয়া পরিশোধ করতে হয়েছে। ফলে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে গিয়ে প্রার্থীদের বাড়তি অর্থ ব্যয় করতে হয়।

দীর্ঘসূত্রতার প্রভাব পড়েছে প্রার্থীদের ব্যক্তিগত জীবনেও। এক বছর আগে ফরম সংগ্রহ করা অনেক শিক্ষার্থীর ছাত্রত্ব শেষ হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ভিপি পদপ্রার্থী রহমত আলী পড়াশোনা শেষ করে চাকরিতে যোগ দিয়েছেন। তৎকালীন সম্ভাব্য ভিপি প্রার্থীদের মধ্যে আরও একজন চাকরিতে যোগ দিয়েছেন। নতুন করে নির্বাচন হলে তাঁদের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে।

ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন জানান, সংবিধানে ত্রুটি থাকায় এবং পদসংখ্যা ও ক্ষমতা বাড়ানোর দাবি পূরণ না হওয়ায় তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তাঁরা খুব শিগগিরই শিক্ষার্থী ও সংগঠনের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

শিবির সমর্থিত ভিপি প্রার্থী আহমেদুল হক আলবির অভিযোগ করে বলেন, প্রশাসন ব্রাকসুর কথা বলে তা বাস্তবায়ন না করে প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফি নিয়েছে, যা আত্মসাতের । শিক্ষার্থীরা ভর্তির সময় নিয়মিত ছাত্র সংসদের ফি দিলেও সেই টাকার হিসাব মিলছে না।

প্রধান নির্বাচন কমিশনার মাসুদ রানা জানান, ব্রাকসুর টাকা হিসাব অফিসে জমা রয়েছে। শিক্ষার্থীরা যখন চাইবে, তখনই নির্বাচন হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, শিক্ষার্থীরা যেদিন চাইবে সেদিনই নির্বাচন হবে এবং সংগৃহীত টাকা খুব শিগগিরই ফেরত দেওয়া হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানান, শিক্ষার্থীরা জানে নির্বাচন কবে হবে।