ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:০৭ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির সমর্থিতদের একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্যানেল ঘোষণা করা হয়।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ও বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা সুমন সরকার আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করেন। এই প্যানেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি সম্প্রতি সমাপ্ত ‘জুলাই আন্দোলন’-এর সাবেক সমন্বয়কও স্থান পেয়েছেন।
ঘোষিত প্যানেল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে লড়বেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমাদুল হক আলবির। জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মেহেদী হাসান এবং এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে রয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বায়েজীদ শিকদার।
এছাড়াও ঘোষিত তেরো সদস্যের এই প্যানেলে অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদক পদে যাঁরা মনোনীত হয়েছেন তাঁরা হলেন: মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে জাহিদ হাসান জয়, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদে উম্মে হানি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলী সাদিক এবং প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে মুয়াজ। কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মরিয়ম জমিলা, বায়েজিদ বোস্তামী ও আল হুমায়রা ঐশী।
কেন্দ্রীয় সংসদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল সংসদেও এই প্যানেলের ভিপি, জিএস ও এজিএস—এই তিন পদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ছাত্রদের বিজয় ৭২ হলে ভিপি পদে আব্দুল মজিদ, জিএস পদে নেজাজ এবং এজিএস পদে আব্দুল আহাদ মনোনীত হয়েছেন। শহীদ মুখতার ইলাহী হল সংসদে ভিপি পদে সাকিব আল হাসান, জিএস পদে মুশফিকুর রহমান শুভ ও এজিএস পদে কায়েম উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল শহীদ ফেলানী হল সংসদে ভিপি পদে মোছা. সানজিদা ইসলাম, জিএস পদে সুমাইয়া তাহরিমা শাথিল ও এজিএস পদে মাহবুবা আফরিন মনোনীত হয়েছেন।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ও বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা সুমন সরকার বলেন, বেরোবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছাত্র সংসদ নির্বাচনে এই অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণার মধ্য দিয়ে পূরণ হয়েছে। আমরা আশা করছি, এই প্যানেল থেকে অংশ নেওয়া প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন