নভেম্বর ১৬, ২০২৬, ০৩:২৮ পিএম
নিজের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি এই বিস্ময় ও অসন্তোষের কথা জানান।
মোনামি জানান, এক বন্ধুর শেয়ার করা একটি নাচের ভিডিও কেবল বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। পরে ওই বন্ধু ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করেন। তার ধারণা ছিল, বন্ধু তালিকার মানুষদের কাছে ব্যক্তিগত পরিসরের এই পোস্টটি সম্পূর্ণ নিরাপদ থাকবে। কিন্তু সেই ভিডিও সংবাদমাধ্যমে পৌঁছে যাওয়ায় তিনি চরম বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহকারী ব্যক্তির উদ্দেশে তিনি লেখেন, হয়তো কিছু অর্থ উপার্জনের আশাতেই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে তার প্রার্থনা, তিনি যেন কোনো রকম অনৈতিক পথ না বেছে নিয়ে সম্মানজনক ও হালাল উপায়ে জীবিকা উপার্জনের পথ খুঁজে পান।
নিজের নাচের বিষয়ে এই শিক্ষিকা স্পষ্ট করে জানান, তার বয়স বা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য — এমন ধারণার কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশঙ্কা করেছিলেন যে, এই ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের পক্ষ থেকে তিনি ট্রলের শিকার হতে পারেন। তবে সেই আশঙ্কায় তিনি মোটেও বিচলিত হননি। কারণ, ওই ভিডিওটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের। ভাইয়ের জীবনের এই বিশেষ দিনে আনন্দের মুহূর্তে নাচার ইচ্ছা তার অনেক দিনের ছিল।
পোস্টে তিনি আরও লেখেন, ওই অনুষ্ঠানে নেচে তিনি বিন্দুমাত্র লজ্জা বা বিব্রতবোধ করছেন না। নাচ ছিল তার কাছে আনন্দ প্রকাশের একটি মাধ্যম। একটি ভিডিও তো সংবাদমাধ্যমে গেছে, কিন্তু তিনি অনুষ্ঠানে পাঁচবার নেচেছেন এবং বেশ ভালোভাবেই নেচেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন