নভেম্বর ১৬, ২০২৬, ০৩:১৭ পিএম
জোহানেসবার্গ টেস্টে প্রথম দিনটা ৯২ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন লিটন দাস। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে এসে সেটাকে তিন অঙ্কে রূপ দিতে ভুল করলেন না এই ব্যাটার।
দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন, সেটাও ছক্কা মেরে। মার্কো ইয়ানসেনের বলে শট খেলে তিনি তিন অঙ্কে পৌঁছান। টেস্টে এটি লিটনের অষ্টম সেঞ্চুরি।
সেঞ্চুরিতে ভিন্নধর্মী এক উদযাপনও করেছেন লিটন। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পাশাপাশি পকেট থেকে একটা কাগজও বের করেছেন। সেই কাগজে মেয়ের জন্য লেখা ছিল, শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য।
লিটনের মেয়ে আনায়রা আজ তিন বছর পূর্ণ করেছেন। সেঞ্চুরির এই বিশেষ উপলক্ষ্যটা তাই তাকেই উৎসর্গ করলেন লিটন। লিটনের সেঞ্চুরির পরপর ১০ রান করে বিদায় নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ৩৫৯ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন ছয় উইকেটে ৩২৭ রান করে দিন শেষ করেছিল বাংলাদেশ। প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করে ১৩৭ রান করেছিলেন তাওহীদ হৃদয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন