সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

সন্তান না হওয়ায় তালাকপ্রাপ্ত ইতি আক্তার পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৩:৪৪ পিএম

সন্তান না হওয়ায় তালাকপ্রাপ্ত ইতি আক্তার পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব

সন্তান না হওয়ার কারণে সাত বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের ইতি আক্তার। সংসার টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরেও কোনো লাভ হয়নি। উল্টো তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয়। তবে এত কিছুর পরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তিনি।

ইতি আক্তার জানান, সাত বছর আগে অনেক আশা নিয়ে সংসার শুরু করেছিলেন। কিন্তু সন্তান না হওয়ায় দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে মানসিক চাপ, অপমান ও কটুকথা সহ্য করতে হয়েছে তাঁকে। গত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপ হয় এবং প্রায় দুই থেকে আড়াই মাস তাঁকে একা থাকতে বাধ্য করা হয়। সংসার বাঁচাতে স্বামীর কাছে ছয় মাস সময় চেয়েও ব্যর্থ হন তিনি।

ইতির এই কঠিন সময়ে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তাঁর বাবা রিকিব আলী সরদার। মেয়ের সুখের জন্য তিনি জমি বন্ধক রেখেছেন, কৃষিঋণ নিয়েছেন এবং গাছপালা বিক্রি করেও সংসারে সহযোগিতা করেছেন। আজ মেয়ের এমন পরিণতিতে অসহায় বাবার একটাই চাওয়া, যেন মেয়ে সম্মانی নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে।

ইতি আক্তার আরও জানান, তাঁর জীবনের এই ঘটনায় দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব এসেছে। ভাইয়ের মাধ্যমে ও বিভিন্ন যোগাযোগে এই প্রস্তাবগুলো পাচ্ছেন তিনি। তবে আপাতত বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই তাঁর। অতীতের আঘাত কাটিয়ে তিনি এখন একটি কর্মসংস্থানের সুযোগ চান, যাতে নিজের দায়িত্ব নিজে নিতে পারেন।

বাবা রিকিব আলী সরদার জানান, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারের কাছে তাঁর আকুল আবেদন, ইতির জন্য একটি ছোটখাটো চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক। এদিকে ইতির সহপাঠী সোহাগ বলেন, সন্তান না হওয়ার বিষয়টি শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া সমাজ ও পরিবারের কাম্য নয়। এই দুঃসময়ে সমাজের সবার উচিত তাঁর পাশে দাঁড়ানো।