নভেম্বর ১৬, ২০২৬, ১০:২৭ এএম
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ হাজার কনস্টেবল ও চার হাজার উপপরিদর্শক রয়েছেন। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে আরও কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের পর তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে শেখ হাসিনার দেশে ফেরার অডিও ফাঁস হওয়ার পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুম মুনীরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কারও সঙ্গে পুলিশ সদস্যদের যোগাযোগের অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়। গোয়েন্দা সংস্থার আশঙ্কা, চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে নাশকতা ও সহিংস কর্মসূচির পরিকল্পনা করছে নিষিদ্ধ দলটি। ঝটিকা মিছিল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি তল্লাশি জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের ওপর নজরদারি বাড়ানোর জন্য আইজিপি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। দেশের সব সীমান্তবর্তী জেলায় পুলিশকে বিশেষ নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পর সেখানকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করেছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হলে এবং আওয়ামী লীগ অরাজকতা তৈরি করলে সরকার কঠোর পদক্ষেপ নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকেন্দ্রিক মিছিল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে এবং তারা সীমালঙ্ঘন করলে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সীমান্ত দিয়ে দলীয় নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে যশোর বিজিবি ব্যাটালিয়ন তথ্য দাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন