নভেম্বর ১৫, ২০২৬, ১১:২৩ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসভবন, কার্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এর আগে শনিবারও উপজেলার বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
রোববার দুপুর দুইটায় ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে পাটগাতী বাজারে যুবদলের কার্যালয় ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। বিকেল চারটার দিকে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের বাড়িতেও আগুন দেয় হামলাকারীরা।
একই দিন বিকেল পাঁচটার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে এবং টুঙ্গিপাড়া বাজারে বিএনপি নেতাদের দোকানপাটে ভাঙচুর চালানো হয়। রাত আটটার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতি বাজারের বাসভবন ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়ি এবং রাত সাড়ে আটটার দিকে ছাত্রদল আহ্বায়ক ইয়েন মুন্সীর বাড়িতেও হামলা হয়। রাত নয়টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
এদিকে টুঙ্গিপাড়া থেকে এসে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিকেলে গোপালগঞ্জ থেকে তিন শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া এলাকায় আসেন। সেখানে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ি এবং আরেকটি কার্যালয় ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
একই সময় ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
এ ঘটনার নিন্দা জানিয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান জানান, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। হামলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সোমবার বিকেলে নাজিরপুরের সাচিয়া বাজারে প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে দলটি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেলেও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অন্যদিকে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন