রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ১০:০৯ পিএম

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত

জাতীয় সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে এই দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য এবং মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদ ভবনে অবস্থিত সোনালী ব্যাংক শাখা ও এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই কমিটির তৃতীয় সভাও রোববার অনুষ্ঠিত হয়।

ডিপিডিসির প্রণীত সোলার পাওয়ার সিস্টেম চালুর উন্নয়ন প্রকল্প প্রস্তাব সন্তোষজনক না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ শেষ করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুতকৃত এই প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।