রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
স্বাস্থ্যসেবা রূপান্তর

বিশেষায়িত চিকিৎসায় সরকারের গুরুত্ব: ডা. জুবাইদা রহমান

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৫৭ পিএম

বিশেষায়িত চিকিৎসায় সরকারের গুরুত্ব: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও যথাযথ অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। বর্তমানে প্রতি এক লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র শূন্য দশমিক পাঁচ আট জন। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের ৬৪টি জেলা, ৫৩টি প্রশাসনিক অঞ্চল, চার হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তীব্র সংকট রয়েছে। দীর্ঘদিনের অবহেলার কারণে হাজার হাজার মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকার কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, তারা শুধু অপারেশন থিয়েটারেই দায়িত্ব পালন করেন না; বরং সামগ্রিক স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অস্ত্রোপচারের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ, ক্রিটিক্যাল কেয়ার প্রদান এবং জীবন রক্ষায় তাদের অবদান অপরিহার্য। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করা উন্নত সেবা প্রদানের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে মন্তব্য করেন তিনি।