রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

বিশিষ্ট ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে যুবক আটক

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৮:২৫ পিএম

বিশিষ্ট ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে যুবক আটক

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশিষ্ট ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে অপপ্রচার ও উস্কানি সৃষ্টির অভিযোগে সেলিম খান নামে এক যুবককে আটক করেছে এসআরবি। রবিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অভিযুক্তের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, সেলিম খান দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক কার্যক্রম চালাতেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দ করা আলামত পর্যালোচনায় জানা যায়, সেলিম খান উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের সম্মানিত ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতেন। এসব পেজ ব্যবহার করে তিনি নিয়মিতভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট প্রচার করতেন।

ইন্তেখাব চৌধুরী বলেন, সেলিম খান সমাজে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড উস্কে দেওয়ার মতো পোস্ট প্রচার করতেন। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে এসআরবির গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।