রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

দক্ষিণ কোরিয়ায় এআই ও মাইক্রোক্যামেরা ব্যবহার করে পরীক্ষায় প্রথম হওয়া প্রার্থীর জালিয়াতির স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৭:৫৭ পিএম

দক্ষিণ কোরিয়ায় এআই ও মাইক্রোক্যামেরা ব্যবহার করে পরীক্ষায় প্রথম হওয়া প্রার্থীর জালিয়াতির স্বীকারোক্তি

দক্ষিণ কোরিয়ায় ট্যাক্স অ্যাকাউন্টেন্সি পরীক্ষার জালিয়াতির স্বীকারোক্তি দেওয়া প্রার্থী হান ওন-সেওক।

দক্ষিণ কোরিয়ায় সার্টিফায়েড ট্যাক্স অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী এক প্রার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেছেন। হান ওন-সেওক নামের ওই প্রার্থী তার আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে জালিয়াতির বিষয়টি প্রকাশ করেন। প্রথম রাউন্ডে তিনি ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ দশমিক ৫ পেয়েছিলেন এবং ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করেছিলেন।

পরীক্ষায় তার এই অবিশ্বাস্য ফলাফল প্রকাশের পর থেকেই অনলাইনে বিভিন্ন জল্পনা শুরু হয়েছিল। প্রাথমিক পর্যায়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে অনুতপ্ত হয়ে নিজের আইনজীবীর মাধ্যমে সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির কাছে লিখিত স্বীকারোক্তি জমা দেন। একটি গোপন মাইক্রোক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে তা এআই টুলের কাছে পাঠানো এবং স্মার্টফোনের মাধ্যমে উত্তর মিলিয়ে নেওয়ার কথা জানান তিনি।

দক্ষিণ কোরিয়ায় এই ধরনের মানসম্মত জাতীয় পরীক্ষাগুলো তরুণদের ক্যারিয়ার ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের পরীক্ষায় জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পর দেশটির কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় এবং হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস একটি জরুরি বৈঠক করেছে। সরকার জানিয়েছে, জালিয়াতিতে জড়িতদের যোগ্যতা বাতিল করা হবে এবং আগামী পাঁচ বছরের জন্য তাদের পরীক্ষায় অংশ নেওয়া নিষিদ্ধ করা হবে।

প্রেসিডেন্টের পলিসি চিফ হা জুন-কিউং জানিয়েছেন, জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা প্রবর্তন করা হবে এবং অতীতের অপরাধগুলো কঠোরভাবে তদন্ত করা হবে। এদিকে দেশটির বার্ষিক কলেজ প্রবেশ পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই কেলেঙ্কারির ঘটনা ঘটায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এআই চশমা ব্যবহারের মাধ্যমে জালিয়াতির বেশ কয়েকটি ঘটনাও সামনে এসেছে।

তথ্যসূত্র: বিবিসি