নভেম্বর ১৫, ২০২৬, ১০:১৭ পিএম
রাজশাহীর আদালত চত্বরে প্রতিপক্ষের হামলায় ইয়ামিন আলী নামের এক আইনজীবী গুরুতর আহত হয়েছেন। রোববার বেলা আড়াইটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এই ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন চার হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত ওই আইনজীবীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা ইয়ামিন আলীর সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে বিরোধের জেরে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছিল এবং সেই ঘটনায় তিনি একটি মামলা করেন। রোববার ওই মামলার দিন থাকায় উভয় পক্ষ আদালতে উপস্থিত হয়েছিল।
আদালতের কার্যক্রম শেষে আইনজীবী ইয়ামিন আলী রেঞ্জ রিজার্ভ ফোর্স অফিসের সামনের ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আগের মামলার আসামিরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। কিল, ঘুষি, লাঠি ও ইটের আঘাতে তাঁর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন।
হামলাকারীরা পালানোর চেষ্টা করলে আইনজীবী সহকারী ও সাধারণ মানুষ চারজনকে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। আটক চারজন হলেন মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালত চত্বরে আইনজীবীর ওপর এমন হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং এতে আইনজীবীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই ঘটনায় সমিতির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক আবু জাফর জানান, মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন