সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

জানাজায় দাঁড়িয়ে বিএনপি ছাড়ার ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রুমান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৭:৩১ পিএম

জানাজায় দাঁড়িয়ে বিএনপি ছাড়ার ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রুমান

জানাজার আগে বক্তব্য দেন রবিউল ইসলাম রুমান।

মামা আনিসুর রহমান কালুর জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সময় বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রুমান। সোমবার দুপুরে ঝিনাইগাতীতে এই ঘটনা ঘটে এবং পরে তার দলত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বক্তব্যে রবিউল ইসলাম রুমান জানান, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে দল এবং এর সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। পারিবারিক পরিবেশ থেকেই ছোটবেলা থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে তিনি আশাবাদী হলেও ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন। দলের কঠিন সময়ে তার মামার কারাবাস ও অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জীবনের শেষ সময়ে তার মামার খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল।

কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি বা কাউকে ছোট করা তার উদ্দেশ্য নয় বলে জানান রুমান। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন এবং তার কাছে রাজনীতির চেয়ে মানুষ ও মানবিকতার মূল্য বেশি।

এদিকে ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন জানান, এখন পর্যন্ত রবিউল ইসলাম রুমানের কোনো লিখিত পদত্যাগপত্র তারা পাননি। সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না উল্লেখ করে তিনি বলেন, দু-একজন নেতা চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না।