নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৫০ পিএম
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া, প্রার্থীর যোগ্যতা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জাতীয় সংসদে জোরালো প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রীর কাছে তিনি এসব বিষয়ে সুস্পষ্ট জবাব দাবি করেন।
সংসদে বক্তব্য রাখার সময় হাসনাত আবদুল্লাহ জনতা ব্যাংকের বিশাল অঙ্কের খেলাপি ঋণের চাঞ্চল্যকর চিত্র তুলে ধরেন। তিনি জানান, গত বছরের জুন পর্যন্ত জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি টাকা, এস আলমের ১০ হাজার ২০০ কোটি টাকা, এনএক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি টাকা এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগকৃত ব্যাংকের পরিচালনা পর্ষদ ও এমডিদের একটি সিন্ডিকেটের মাধ্যমেই এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আজ খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে।
সরকারের নির্বাচনি ও পূর্ববর্তী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে এনসিপির এই সংসদ সদস্য বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে দেওয়া হবে এবং ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে ন্যস্ত করা হবে, যেখানে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। এমনকি গত অক্টোবরেও অর্থমন্ত্রী একই কথার পুনরাবৃত্তি করেছিলেন।
এরপরই জনতা ব্যাংকের সাম্প্রতিক এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখলাম মাঝারি পরিসরের একটি বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ ওই সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ২০২৪ সালের পর ব্যাপক অর্থ অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন