নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৩০ পিএম
দেশের সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির ২২ হাজার ৩০ জন বিমা গ্রাহককে মোট ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নাজমুন নাহার জানতে চান, যেসব জীবন বিমা কোম্পানি দেশের নিরীহ গ্রাহকদের সঙ্গে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে প্রতারণা করে তাদের মেয়াদোত্তর বিমা দাবি পরিশোধ করছে না, সেসব চিহ্নিত কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না।
এর জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ লাইফ ও নন-লাইফ মিলিয়ে মোট ৮২টি বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে দুর্বল আর্থিক অবস্থাসম্পন্ন ও নিম্নমানের কার্যক্ষমতা সম্পন্ন আটটি বিমা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যাগ্রস্ত ওই আটটি কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে অগ্রাধিকার ভিত্তিতে ৮৪ কোটি টাকার বেশি দাবি পরিশোধ করা হয়েছে। এই কার্যক্রমের পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে দাবি নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। অর্থমন্ত্রীর মতে, এই ধারাবাহিকতার ফলে অন্যান্য বিমা কোম্পানিগুলোও তাদের দাবি পরিশোধের কার্যক্রম ত্বরান্বিত করেছে এবং দাবি নিষ্পত্তি বর্তমানে সন্তোষজনক ধারায় এগোচ্ছে।
কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়ে অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, লাইসেন্স বাতিলের বিষয়টি আইনি ও আর্থিক দায়বদ্ধতা এবং পলিসিধারীদের স্বার্থ গভীরভাবে বিবেচনা করে পর্যালোচনা করা হচ্ছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, কোনো কোম্পানির লাইসেন্স বাতিল করা হলেও বিমা গ্রাহকদের প্রতি সেই কোম্পানির বিদ্যমান আইনি দায়বদ্ধতা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায় না। তাই গ্রাহকদের স্বার্থের সুরক্ষা নিশ্চিত করাকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন