সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৪:১১ পিএম

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন অ্যান্ড লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য ও পর্তুগালের প্রতিনিধিদল। সোমবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন।

পর্তুগালের প্রিন্সেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তারা পর্তুগালের জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং মিউজিক ও গানের পরিবেশনার মাধ্যমে তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেন।

শেখ আলিউর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিকভাবেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের পুরোনো ও ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে আরও জোরদার ও পুনরুজ্জীবিত করতে তারা আগ্রহী।

তিনি আরও বলেন, বাংলাদেশের চায়ের গুণগতমান অত্যন্ত ভালো এবং আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিকমানের মডেল টি এস্টেট স্থাপনের বিষয়ে তাদের আগ্রহের কথা জানান।

ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং ব্রিটিশদের হাত ধরেই এই চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটে। বাংলাদেশের রাজনীতিতেও এক কাপ চায়ের বিশেষ তাৎপর্য রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশের চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। নতুন কোনো টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে চা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং সামাজিক নিরাপত্তাসহ টেকসই ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।