নভেম্বর ১৬, ২০২৬, ০৩:৫৫ পিএম
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে দেশটির বাজারে মোট ১৬৪ কোটি ৮ লাখ ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে। এর আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ১০ হাজার ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি ২ দশমিক ৪৪ শতাংশ কমলেও পরবর্তী মাসগুলোতে ঘুরে দাঁড়ায়। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে যথাক্রমে ১০ দশমিক ৫৩, ১১ দশমিক ৭১ ও ১০ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে যুক্তরাজ্যে মাসিক গড় পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ৪১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। এ সময়ে রপ্তানি আয় গত অর্থবছরে দেশটিতে মোট রপ্তানি আয়ের ৩৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। বিগত ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি আয় ছিল ৪৩৯ কোটি ডলার। একক দেশ হিসেবে বাংলাদেশের পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার হলো যুক্তরাজ্য।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল জানান, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম প্রধান সুবিধা হলো শুল্কমুক্ত প্রবেশাধিকার। ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের আওতায় বাংলাদেশ বর্তমানে এই সুবিধা ভোগ করছে।
তিনি আরও উল্লেখ করেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষে বাংলাদেশ এনহ্যান্সড প্রেফারেন্সেস সুবিধার আওতায় আসবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ করে যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ অব্যাহত থাকবে। এই সুবিধা কাজে লাগিয়ে সুতি পোশাকের পাশাপাশি উচ্চমূল্যের ও কৃত্রিম তন্তুভিত্তিক পোশাকের উৎপাদন ও রপ্তানি আরও বাড়ানো সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন