সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালিতে তেল পরিবহণে স্বস্তি আসায় বিশ্ববাজারে কমল জ্বালানির দাম

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১১:৩১ এএম

হরমুজ প্রণালিতে তেল পরিবহণে স্বস্তি আসায় বিশ্ববাজারে কমল জ্বালানির দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে নেমে আসে।

মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণে স্বস্তি আসার ফলে বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এতে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। এর আগে শুক্রবারও বিশ্ববাজারে তেলের দাম কমে লেনদেন শেষ হয়।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত পুনরুদ্ধার হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে যা সম্ভাব্য চাহিদার চেয়ে দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের সম্ভাবনা বিবেচনা করছেন। এতে বাজারের মনোভাব বদলে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর দেওয়া ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এ আইনের আওতায় যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহণে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। ছাড় বাড়ানোর ফলে বিদেশি পতাকাবাহী জাহাজও দেশটির বন্দরগুলোর মধ্যে তেল ও ডিজেল পরিবহনের সুযোগ পাবে।

তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল পরিবহণে ব্যবহৃত ট্যাংকারের স্বল্পতার কারণে পরিবহণ ব্যয় এখনো বেশি রয়েছে। রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনে আঘাত লেগে তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।