নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৫৯ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের আঁধারে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে দুটি দল গঠন করে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মাসদাইরের গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির একটি টিনের তৈরি অস্থায়ী কার্যালয় রয়েছে। রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া দুইটার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন হেলমেট পরা ব্যক্তি সেখানে আসে।
তাদের মধ্যে একজন কার্যালয়ের সামনে পাহারায় থাকে এবং অপরজন ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরে থাকা প্লাস্টিকের চেয়ারে আগুন লাগিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি জানান, এটি কোনো আনুষ্ঠানিক দলীয় কার্যালয় নয়, সেখানে দলের কিছু নেতাকর্মী নিয়মিত বসতেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসাইন জানান, যেখানে আগুন দেওয়া হয়েছে সেটি কোনো রাজনৈতিক কার্যালয় নয়, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তারপরও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দুটি আলাদা দল গঠন করা হয়েছে।
তদন্তকারী দলগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং খুব দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন